৬ দিন পর তিন বছরের শিশু জীবিত উদ্ধার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৯৪৩

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:১৫ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। জর্ডানের একটি উদ্ধারকারী দল এই অলৌকিক উদ্ধার অভিযান চালিয়েছে। ক্লিবার মোরান নামের এই শিশুটিকে লা গুয়াইরা রাজ্য থেকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। এই উদ্ধারকে তিনি ‘আমাদের মানুষের জন্য আশার আলো’ হিসেবে বর্ণনা করেছেন।

গত সপ্তাহের ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩ জনে দাঁড়িয়েছে। এতে ১০ হাজার জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং আরো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট তথ্যের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এই শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৫৮,৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। খবর বিডিনিউজের।

জর্ডানের সিভিল ডিফেন্স জানিয়েছে, শিশু ক্লিবারকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ভেনেজুয়েলার আইনসভার প্রধান হোর্হে রদ্রিগেস জানিয়েছেন, বর্তমানে রাজধানী কারাকাসে শিশুটির চিকিৎসা চলছে। সাধারণত ভূমিকম্পের প্রথম তিন দিনকে জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় সময় ধরা হয়। তবে ক্লিবারকে তার অনেক পরে জীবিত উদ্ধার করা সম্ভব হল।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হলো লা গুয়াইরা। সেখানে স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্ধার কাজ চালানোর চেষ্টা করছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, লা গুয়াইরায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে, মৌলিক সেবাগুলো ভেঙে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ত্রাণ পৌঁছানোর সুযোগ সীমিত হওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইউএনএইচসিআর জানিয়েছে, আগামী ছয় মাসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৩০,০০০ মানুষের জরুরি আশ্রয় ও ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য প্রাথমিকভাবে এক কোটি পঞ্চাশ লাখ ডলার প্রয়োজন। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, সেখানকার স্বাস্থ্য পরিষেবা চরম চাপের মধ্যে রয়েছে। টিকাদানের হার কম হওয়ায় হাম ও ডিপথেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনাকে হারাবো আমরা : কেপ ভার্দে প্রেসিডেন্ট