নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকার হাজী ব্যাটারি হাউসে চুরির ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া মালামালের মধ্যে ৩২টি আইপিএস ও ৩৭টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার ঢাকার বনানী, গুলশান ও নারায়ণগঞ্জ থেকে এসব মালামালসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন শেরপুর সদরের মো. ফরিদ, বাগেরহাট জেলার মোগলগঞ্জের মো. ফয়সাল, বরিশাল জেলার বানারীপাড়ার মো. সোহাগ ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার মো. শাহীন আলম।
পুলিশ জানায়, আগ্রাবাদের হাজী পাড়া এক্সেস রোড এলাকার হাজী ব্যাটারি হাউসে গত ১৯ আগস্ট চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানটি থেকে বিভিন্ন কোম্পানির নতুন ও পুরাতন ৬৩টি ব্যাটারি এবং ৩২টি আইপিএস নিয়ে যায়। এসব মালামালের মূল্য ১৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় দোকানের মালিক ব্যবসায়ী মো. শামীম হোসেন বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে একটি চৌকস টিম মাঠে নামে। টিমটি ১৭০০টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার বনানী ও গুলশানসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনায় জড়িত তিনজকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে অপর একজনকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মো. শাহীন আলমও একজন ব্যবসায়ী। কাঁচপুর বাজারের চাঁদ মহল সিনেমা হলের পাশের সিয়াম মটরস এন্ড টায়ার নামের তার একটি দোকান রয়েছে। তার দেখানো মতে তার গোডাউন থেকে চুরি যাওয়া মালামালের মধ্য থেকে বিভিন্ন কোম্পানির ৩২টি আইপিএস এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের মোট ২৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে বিভিন্ন কোম্পানির আরো ১৩টি ব্যাটারি উদ্ধার করা হয়ছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।












