৩০ টাকা শুল্কের জন্য গচ্চা ৭০ লাখ টাকা

সাগরে ভাসছে সরকারি চাল বোঝাই জাহাজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ জানুয়ারি, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

সরকারিভাবে আমদানিকৃত চাল নিয়ে চার দিন ধরে অলস ভাসছে একটি জাহাজ। চট্টগ্রাম কাস্টমসের সমস্যার কারণে চালগুলো খালাস করা সম্ভব হয়নি। সরকারিভাবে মাত্র ত্রিশ টাকা শুল্ক পাবে জাহাজটি। অথচ গত চারদিন ধরে অলস বসে থাকা বিদেশী জাহাজটিকে অন্তত আশি হাজার ডলার প্রায় ৭০ লাখ টাকা গচ্চার কবলে পড়তে হচ্ছে। আজ (সোমবার) চাল খালাস শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
খাদ্য বিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সরকারের খাদ্য বিভাগের আমদানিকৃত ১০ হাজার ৯৬৮ টন সিদ্ধ চাল নিয়ে এমভি তুহিনা নামের একটি বিদেশী জাহাজ গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। সকাল ৯টা ৪২ মিনিটে জাহাজটি রিপোর্ট করে। বৃহস্পতিবার সন্ধ্যার আগেই জাহাজটি থেকে চাল খালাস শুরু করার সুযোগ থাকলেও কোয়ারেন্টাইন ক্লিয়ারেন্সের জন্য তা সম্ভব হয়নি। একই সাথে ঝুলে যায় কাস্টমস প্রক্রিয়াও। পরবর্তী দুইদিন শুক্র এবং শনিবারে কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অসহযোগিতায় চালানটি খালাস প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে খাদ্য বিভাগ। গতকাল রোববার সকালে কাস্টমসে ফাইল দেয়া হলেও সার্ভার সমস্যার কারণে ক্লিয়ারেন্স জোটেনি। এতে করে গতকালও চাল খালাস সম্ভব হয়নি।
খাদ্য বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সরকারিভাবে আমদানিকৃত দশ হাজার টনেরও বেশি চাল নিয়ে আসা জাহাজটির পুরো চাল খালাসে কাস্টমস কর্তৃপক্ষ মাত্র ত্রিশ টাকা শুল্ক পাবে। ডিউটি ফ্রি পণ্য হিসেবে চালানটির কোনো শুল্ক নেই। অথচ ৪দিন অলস বসে থাকায় অন্তত ৮০ হাজার ডলার বা ৭০ লাখ টাকারও বেশি অর্থ গচ্ছার কবলে পড়লো জাহাজটি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি জাহাজ একদিন অলস বসে থাকলে অন্তত বিশ হাজার ডলার গচ্ছার কবলে পড়ে। এমভি তুহিনা নামের জাহাজটিকে একেবারে অনাহুতভাবে অলস বসে থাকতে হয়েছে বলেও তারা মন্তব্য করেন। চালানটির যেহেতু কোনো শুল্ক নেই, সরকারিভাবে যেহেতু চালানটি আনা হয়েছে তাই এটি দ্রুত ছাড় দেয়ার ব্যবস্থা করা কাস্টমসের উচিত ছিল। অথচ তা করা হয়নি। আজ সকালে কাস্টমসের সার্ভার ঠিকঠাকভাবে কাজ না করলে জাহাজটি থেকে চাল খালাস আরো বিলম্বিত হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন তারা।
অবশ্য কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তারা আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে চাল খালাস আটকে গেছে বলে স্বীকার করেন। আজ সকাল থেকে চাল খালাস শুরু করা হতে পারে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা শিবির থেকে আরসা প্রধানের ভাই আটক
পরবর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থীরা কে কত ভোট পেলেন