উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রেজেন্টস ২১তম এস্ট্রো অলিম্পিয়াড ২০২৬–এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব। স্কাই ওয়াচার্স ক্লাবের সহযোগিতায় গতকাল শুক্রবার প্রিমিয়ার ইউনিভার্সিটির ওয়াসা শাখা ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ৮টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন হয়। এরপর জুনিয়র ও সিনিয়র দুই বিভাগে অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ক্যানভাস পাপেট ক্লাবের পরিবেশনায় পাপেট শো এবং কণ্ঠশিল্পী আলমগীর কবিরের সংগীত পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. জামাল নজরুল ইসলাম ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ড. অঞ্জন চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইফতেখার মনির, বিজ্ঞান লেখক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শরীফ মাহমুদ সিদ্দিকী, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তুষার, স্কাই ওয়াচার্স ক্লাবের প্রধান গৌতম পাল, ইঞ্জিনিয়ার সানজিদা আক্তার মনি, ইশতিহাদ হোসেন শিপন, মানস চৌধুরী জনি, মুরাদ হাসান প্রমুখ।
দুই বিভাগ মিলিয়ে ২১ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছেন। জাতীয় পর্বে তারা চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন। সেখান থেকে সেরা প্রতিযোগীরা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, কৌতূহল, যৌক্তিক চিন্তা ও উদ্ভাবনী মনোভাব বিকাশে এস্ট্রো অলিম্পিয়াডের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রেস বিজ্ঞপ্তি।












