জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালনার ২৫ বছর পূর্ণ করলেন ১৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে ইফফাত আরেফীন তন্বীর রচনা ও চয়নিকা চৌধুরীর গল্প ও পরিচালনায় ‘বিষণ্ন মেঘ’ শিরোনামের নাটক গতকাল শনিবার লেজারভিশন নাটক ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জাকিয়া বারী মম, ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান, ডলি জহুর, মিলি বাসার, ফারনাজ মেহেরিনসহ অনেকে। নাটকটির আবহ সঙ্গীত করেছেন প্রত্যয় খান। চিত্রগ্রহণ সুমন হোসেন, এডিটর কালার রাশেদ রাব্বি। গান গেয়েছেন সোমনূর মনির কোনাল এবং রেজোয়ান শেখ। প্রকাশের পর পরই নাটকটি বেশ ভালোভাবে গ্রহণ করেছেন দর্শক। এরইমধ্যে ইউটিউবে মাত্র ১৪ ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে নাটকটি। চয়নিকা চৌধুরী বলেন, গল্পটাকে এত ভালোবাসার জন্য, এত ভাল ভাল মতামত দেয়ার জন্য আমাদের দর্শককে অজস্র ধন্যবাদ। মাত্র ১৪ ঘণ্টায় ১০ লক্ষ মানুষের ভালোবাসা অতিক্রম করে ফেলেছে ‘বিষণ্ন মেঘ’। নেপথ্যে যারা আছেন সবাইকে ধন্যবাদ। লেজারভিশনকে ধন্যবাদ।












