ব্যাটিং, বোলিং আর নেতৃত্বে চামারি আতাপাত্তুর কীর্তির অভাব নেই। লঙ্কান ক্রিকেটের কিংবদন্তি তিনি। এবার বল হাতে অসাধারণ পারফরম্যান্সে নিজেকে তুলে নিলেন তিনি নতুন উচ্চতায়। তার চোখধাঁধানো বোলিং ফিগারও অবশ্য বিশ্বরেকর্ড নয়, তবে লঙ্কান ক্রিকেটে নিজের নাম খোদাই করলেন তিনি আরও একবার। উইমেন’স এশিয়া কাপে বুধবার ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩.৩ ওভার বোলিং করে ৫ রানে ৭ উইকেট শিকার করেন আতাপাত্তু। এর মধ্যে ছিল হ্যাটট্রিকও। খবর বিডিনিউজের।
নারী টি–টোয়েন্টি শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। কিন্তু আগে কখনও এক ম্যাচে ৫ উইকেট ছিল না তার। ম্যাচে ৫ উইকেট ছিল না শ্রীলঙ্কার কোনো বোলারের। এমনকি হ্যাটট্রিক করা প্রথম লঙ্কান বোলারও তিনিই। তবে শ্রীলঙ্কার বাইরে নারী টি–টোয়েন্টিতে তার চেয়ে ভালো বোলিং পারফরম্যান্স আছে আরও চারজনের! আইসিসির সব সদস্য দেশ টি–টোয়েন্টি মর্যাদা পাওয়ার পর এই সংস্করণে বিচিত্র যত রেকর্ড হচ্ছে, সেই ছাপ পড়েছে এখানেও। গত এপ্রিলে লেসেথোর বিপক্ষে ব্রাজিলের লরা কার্দোসো গড়েছেন অবিশ্বাস্য এক কীর্তি। তরুণ এই পেসার ৯ উইকেট নিয়েছেন মাত্র ৪ চারে! অবিশ্বাস্য হলেও সত্যি, শূন্য রানে ৭ উইকেটের কীর্তিও আছে। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ইন্দোনেশিয়ার অফ স্পিনার রহমিলা রহমিলা অভিষেকেই দেখিয়েছিলেন এমন বোলিং।
এছাড়া ৩ রানে ৭ উইকেটও আছে দুই বোলারের। ২০২১ সালে ফ্রান্সের বিপক্ষে নেদারল্যান্ডসের পেসার ফ্রেডেরিক ওভারডাইক করেছিলেন এমন বোালিং, পরের বছর পেরুর বিপক্ষে করেছিলেন আর্জেন্টাইন পেসার আলিসন স্টকস। ৫ রানে ৭ উইকেট নিয়েও আতাপাত্তু আছেন এই রেকর্ডের পাঁচে। তার কীর্তি অবশ্য তাতে ম্লান হচ্ছে না। বিশেষ করে, ম্যাচের প্রেক্ষাপটে ভালো বোলিং জরুরি ছিল লঙ্কানদের।










