ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। এরই মধ্যে দলে ফিরছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অসুস্থতার কারণে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে না পারলেও আগামী বুধবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ দল। মিরাজের ফেরার সম্ভাবনায় স্বস্তি প্রকাশ করেছেন প্রধান কোচ ফিল সিমন্স। সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মিরাজকে ফিরে পেয়ে ভালো লাগছে। সে গত কিছুদিন সংগ্রাম করছিল। আজ এবং আগামীকাল আরও বিশ্রাম নেওয়ার সুযোগ আছে। আশাকরি পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।’ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ে ফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেলেও আশা ছাড়ছে না দল। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ভালো পারফরম্যান্স করে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ওঠার বিষয়ে আশাবাদী সিমন্সও। দলের খেলোয়াড়দের মধ্যে এখনও উদ্যম রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ছেলেদের মধ্যে এখনও এনার্জি আছে। আজ সকালেও মিটিং হলো।
কী ভালো হলো, কী ভালো হলো না– এসব নিয়ে কথা হয়েছে। আমরা জানি, এখন আমাদের কী করতে হবে। আমরা ভালো খেলছিলাম।’ প্রথম ম্যাচে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারলেও সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান বাংলাদেশের কোচ। সিমন্স বলেন, ‘এটা ছিল এমন এক দিন যেদিন কিছুই পক্ষে যায়নি। জানি এখান থেকে কীভাবে কামব্যাক করতে হয়। আমরা ভালো প্রস্তুতি নিয়ে পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’












