কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় সমবয়সি বন্ধুর ঘুষিতে প্রাণ হারিয়েছে তারেকুর রহমান নামে ১০ বছর বয়সি এক শিশু। গত মঙ্গলবার দিবাগত রাতে পৌরশহরের চিরিঙ্গা নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কের একটি খাবার হোটেলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তারা নিহত তারেক ওই সড়কের এক পানের দোকানদার আবুল কালামের নাতি এবং মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার আবদুল মজিদের ছেলে। তারেকের নানাবাড়ি চকরিয়ার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকায়।
স্থানীয়রা জানান, পৌরশহরের নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কের ওই পানের দোকানদার দাদার সাথে দোকানে সময় দিত তারেক। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে যায় অদূরে একটি খাবার হোটেলে। সেখানে সমবয়সি (অজ্ঞাত) বন্ধুর সাথে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয় এবং ওই বন্ধু সজোরে কানের কাছে ঘুষি মারে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু পথে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে নিহত শিশুর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে ঘুষি মারা শিশুটি পলাতক রয়েছে।











