চট্টগ্রামে গতকাল হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মারা গেছে ২৮ জন। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। অন্যদিকে গতকাল নতুন করে আরো ৯৫ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৯২ জন নগরীর এবং ৩ জন উপজেলার বাসিন্দা। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৯ হাজার ৩০৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৯৩ জন। এদিকে গতকাল নতুন করে আরো ৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৭৪৩ জনের। গতকাল ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১৫০ শিশুর। এ নিয়ে এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২ হাজার ৬৬৫ শিশুর।
ডেঙ্গুতে আক্রান্ত আরো ৯৪ জন : চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮০৭ জন। এছাড়া মৃত্যু হয়েছে ২১ জনের। চলতি অক্টোবরে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৪১ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্য মতে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৪ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৫ জন, চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ১৪ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪ জন।











