হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি

সেগুনবাগান ইসলামী পাঠাগার চত্বরে বিক্ষোভ সমাবেশ

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড সেগুনবাগান ইসলামী পাঠাগারে সন্ত্রাসী ও চাঁদাবাজদের সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা নগরীর ঝাউতলা স্টেশন রোড মসজিদ এলাকা থেকে মিছিল শুরু হয়ে সেগুনবাগান ইসলামি পাঠাগার চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন, জামায়াতে ইসলামী মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

সেগুনবাগান পাঠাগারের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মুহিবুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং উপদেষ্টা আমান উল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা অন্যায়ভাবে পাঠাগারের মতো একটি পবিত্র জ্ঞানচর্চার কেন্দ্রে সন্ত্রাসী কায়দায় হামলা ও লুটপাট চালিয়েছে, তারা সমাজের শত্রু। চট্টগ্রামের শান্ত পরিবেশকে যারা অশান্ত করার পাঁয়তারা করছে, তাদের ঠাঁই এই মাটিতে হবে না। তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয়, তবে আমরা ধরে নেব প্রশাসনই তাদের আশ্রয় দিচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনলে জনগণকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পাঠাগারের উপদেষ্টা মো. ওমর ফারুক, মাওলানা দেলোয়ার হোসেন, কেএম জাবেদ, আসাদুল্লাহ শিশির আব্দুল মান্নান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধস্টেরয়েড জাতীয় মলমের অপব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে