সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হোক

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনা বর্তমানে দেশের অন্যতম উদ্বেগজনক সমস্যায় পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার খবর শোনা যায়। বিশেষ করে রাতের বেলায় সড়ক দুর্ঘটনার সংখ্যা তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। দ্রুতগতিতে যানবাহন চালানো, ট্রাফিক আইন অমান্য করা, বেপরোয়া ওভারটেকিং, অদক্ষ চালক এবং পর্যাপ্ত তদারকির অভাব দুর্ঘটনার অন্যতম কারণ। অনেক ক্ষেত্রে দেখা যায়, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী নয়। ফলে চালকদের মধ্যে নিয়ম মেনে চলার প্রবণতাও কমে যাচ্ছে। সড়ক দুর্ঘটনায় শুধু একজন মানুষ নয়, ক্ষতিগ্রস্ত হয় একটি পরিবার, একটি স্বপ্ন এবং কখনো কখনো পুরো সমাজ। তাই এই সমস্যাকে শুধুমাত্র একটি দুর্ঘটনা হিসেবে না দেখে জননিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করা জরুরি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত ট্রাফিক সদস্য নিয়োগ, রাতের বেলায় নজরদারি বৃদ্ধি, ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সিএমপি কমিশনারের প্রতি বিনীত আহ্বান, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে এবং মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা হোক।

মোহাম্মদ রিমন

ক্রিয়েটিভ কমিটি ফাউন্ডেশন

বহদ্দারহাট, চান্দঁগাও, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবঙ্কিমচন্দ্র সেন : লেখক ও দেশ পত্রিকার সম্পাদক
পরবর্তী নিবন্ধশুধু আইন নয়, মানসিকতার বদলই রুখতে পারে যৌন নিপীড়ন