নগরের বড়পোল মোড়, এনায়েত বাজার ও দেব পাহাড় এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল পরিচালিত পৃথক এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ও জোবাইদা আকতার। একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চসিক সূত্রে জানা গেছে, ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ–এ পাওয়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এর মধ্যে বড়পোলে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে স্থাপিত প্রায় ১০০ অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করার পাশাপাশি সড়কে যান চলাচলে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করা হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে দোকান পরিচালনা এবং মশার লার্ভা উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টির অপরাধে সাতজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তাদের কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় দুইজন ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে এনায়েত বাজার এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় বিভিন্ন দোকানদারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং রাস্তায় রাখা সামগ্রী জব্দ করা হয়। এছাড়া দেবপাহাড় এলাকায় ড্রেনের উপর নির্মিত সকল দোকান অপসারণ করা হয়।











