স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালায় সংশোধন এনে ভোটকক্ষ নির্ধারণে ভোটারের সংখ্যা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা–৩) মো. রশিদ মিয়ার সই করা গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।
সংশোধিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা–২০২৫ অনুযায়ী, গড়ে দুই হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। এছাড়া সাধারণভাবে ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করা হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, উপনির্বাচনে একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারণভাবে ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করতে হবে। প্রয়োজনে প্রতিটি ভোটকক্ষে একাধিক গোপন কক্ষ (সিক্রেট বুথ) স্থাপন করা যাবে।












