নগরের স্টেশন রোডে আকস্মিক পরিদর্শনে গিয়ে দোকানের পরিবর্তে রাস্তা ও ফুটপাতে মালামাল রাখায় দোকান মালিকদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত না থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন তিনি।
গতকাল দুপুরে স্টেশন রোডে পরিদর্শনে যান মেয়র। এ সময় মেয়র দেখাতে পান, আনারসসহ বিভিন্ন ফল ব্যবসায়ীরা দোকানের পরিবর্তে রাস্তায় ও ফুটপাতে তা সাজিয়ে রেখেছে। একইভাবে এক জুতা ব্যবসায়ী দোকানের পরিবর্তে রাস্তায় জুতা রাখেন। এছাড়া সাইকেলের দোকানদারসহ অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও একই প্রবণতা ছিল। এতে ক্ষুদ্ধ হন মেয়র। তখন ব্যবসায়ীদের তাড়াহুড়া করে মালামাল দোকানে সরিয়ে নিতে দেখা যায়। এ সময় ডা. শাহাদাত বলেন, রাস্তা জনগণের সম্পদ। কেউ যদি ব্যক্তিগত স্বার্থে রাস্তা দখল করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, স্টেশন রোড এলাকায় ব্যবসায়ীদের অসচেতনতার কারণে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং পথচারীদের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত রাস্তা কোনোভাবেই দোকানের মালামাল রাখার স্থান হিসেবে ব্যবহার করা যাবে না। তিনি বলেন, স্টেশন রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে।












