সৌদিতে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার যুবক নিহত

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৩০ পূর্বাহ্ণ

সৌদিয়া আরবে সড়ক দুর্ঘটনায় শওকত হোসেন (৩৮) নামে লোহাগাড়ার এক যুবক নিহত হয়েছে। গত রোববার দিনগত রাতে জেদ্দা থেকে মদিনা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত হোসেন উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রশিদার পাড়ার আবদুল মোতালেবের পুত্র ও ৫ সন্তানের জনক।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন শওকত হোসেন নিজ গাড়ি চালিয়ে মদিনা শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে আরেকটি গাড়ির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শওকত প্রায় এক বছর আগে দেশে ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে প্রবাসে যান। সেখানে তিনি বিভিন্ন দোকানে মালামাল সরবরাহ করতেন। লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শওকতের মরদেহ দেশে আনা কিংবা সেখানে দাফনের ব্যাপারে পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে হযরত এয়াছিন শাহ্‌ পাবলিক কলেজে নবীনবরণ
পরবর্তী নিবন্ধসাজেকে সেনাবাহিনীর চক্ষু ক্যাম্প