সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

নেপাল অনূর্ধ্ব–১৯ দল অভাবনীয় কিছু করতে পারেনি পাকিস্তানের বিপক্ষে। ব্যাটে–বলে দাপট দেখিয়ে অনায়াস জয়ই পেল পাকিস্তানের যুবারা। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি–ফাইনালে বাংলাদেশকে পেল তারা। অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে সোমবার মালয়েশিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্স–আপ হিসেবে শেষ চারের টিকেট কেটে রেখেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল প্রতিপক্ষ দল চূড়ান্ত হওয়ার। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডের এক নম্বর টার্ফে মঙ্গলবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারায় পাকিস্তান। তিন ম্যাচের সবকটি জিতে ‘এ’ গ্রুপের সেরা দল তারা। ‘বি’ গ্রুপে তিন ম্যাচে দুই জয়ে রানার্স–আপ বাংলাদেশ। সেমি–ফাইনালে তাই বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মোকাবিলা করতে হবে ২০২৪ আসরের চ্যাম্পিয়নদের। মঙ্গলবার একই সময়ে হওয়া অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭০ রানের জয় পায় ভারত। তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘এ’ গ্রুপের রানার্স–আপ টুর্নামেন্টের বর্তমান রানার্স–আপ দলটি। সেমি–ফাইনালে তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন আফগানিস্তান। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১১টায় পাশাপাশি দুই মাঠে শুরু হবে দুই সেমি–ফাইনাল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত বাছাই ১৪ নভেম্বর
পরবর্তী নিবন্ধমরহুম নুর হোসেন চেয়ারম্যান স্মৃতি সংসদের ফুটবল টুর্নামেন্ট শুরু