জাতীয় ক্রিকেট লিগে খুলনার মাঠে চট্টগ্রামের বিপক্ষে মিমের ১৪৫ রানের সৌজন্যে ম্যাচ বাঁচিয়েছে রংপুর। রংপুরের কাজ সহজ করে দেয় কন্ডিশন। ভেজা আউটফিল্ডের কারণে দেড় ঘণ্টা পর শুরু হয় খেলা। ৮ উইকেট হাতে রেখে ইনিংস পরাজয় এড়াতে তখন রংপুরের প্রয়োজন ছিল ১১১ রান। দিনের প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় রংপুর। দিনের অষ্টম ওভারে অবস্ট্রাক্টিং দা ফিল্ড আউট হন আবদুল্লাহ আল মামুন। হাসান মুরাদের সাদামাটা এক ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার পর পিচের ওপর পড়ে বল। সেটি ফিরিয়ে দিতে হাত দিয়ে ধরেন মামুন। সঙ্গে সঙ্গে অবস্ট্রাক্টিং দা ফিল্ড আউটের আবেদন শুরু করেন মুরাদসহ বাকি ফিল্ডাররা। দুই আম্পায়ার মিলে আলোচনার পর আউটের সিদ্ধান্ত জানান। এরপর ষষ্ঠ উইকেটে মিমকে দারুণ সঙ্গ দেন শিহাব জেমস। তাদের ১১৪ রানের জুটিতে ইনিংস পরাজয় এড়ায় রংপুর। দুটি করে চার–ছক্কায় ৫২ রান করে আউট হন শিহাব। এরপর নবীন ইসলাম ও আবু হাশিম দ্রুত ফিরে গেলে আবার আশার আলো দেখতে শুরু করে চট্টগ্রাম। তবে নবম উইকেটে শাহরিয়া আলআমিনকে নিয়ে ৬৩ বলে ১৪ রানের জুটি গড়ে সব শঙ্কা উড়িয়ে দেন মিম। নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৯ চারে নিজের ইনিংস সাজান রংপুর ওপেনার। মিমের বীরত্বে রংপুরের ড্রয়ে বড় ক্ষতি হয়েছে চট্টগ্রামের। প্রথমবার জাতীয় লিগের শিরোপা সম্ভাবনা জাগালেও এই ড্রয়ে অনেকটা ফিকে হয়ে গেল তা। ছয় ম্যাচে দুই জয়, তিন ড্রয়ে তাদের ঝুলিতে এখন ২৩ পয়েন্ট। শেষ রাউন্ডে বোনাস পয়েন্টসহ জিততে হবে তাদের। এর সঙ্গে অপেক্ষায় থাকতে হবে খুলনার পরাজয়ের।










