সেন্টমার্টিনে আবারো দেখা মিলেছে অজগর সাপের। হাঁস খেয়ে অজগরটি ক্ষেতে দেয়া জালে আটকা পড়ে। গতকার শুক্রবার সকাল ৮টার দিকে দক্ষিণ সেন্টমার্টিনের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় অজগরটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে প্রায় ১৫ ফুট লম্বা অজগরটি দেখতে যান উৎসুক লোকজন।
স্থানীয়রা জানান, দক্ষিণ সেন্টমার্টিন এলাকার মুসা আলী গতকাল সকালে বাড়ির আঙিনায় মরিচ ক্ষেতের জালের মধ্যে অজগরটি দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করেন। মুসা জানান, সাপটির ওজন ২০ থেকে ২৫ কেজির মতো হবে। বয়স ৩ থেকে ৫ বছর হতে পারে।
সেন্টমার্টিনের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এম এ সোহাগ জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে অজগরটি তাদের কাছে হস্তান্তর করা হবে। নিরাপদ সংরক্ষণ কিংবা উপযুক্ত স্থানে অবমুক্তকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।












