সীমান্ত পারাপারের চেষ্টা, বসনিয়ায় ৩৬ বাংলাদেশিসহ আটক ৯৬

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে ৩৬ বাংলাদেশিসহ মোট ৯৬ জনকে আটক করেছে ইউরোপের দক্ষিণপূর্বাঞ্চলীয় দেশ বসনিয়া ও হার্জেগোভিনার গ্রাদিসকা বর্ডার পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম সারাজিভো টাইমস ও ফার্স্ট বলকান মিডিয়ায় বৃহস্পতিবার প্রকাশিত এক খবরে বলা হয়, গ্রাদিসকা বর্ডার পুলিশ দেশটির কনফেডারেশন রিপাবলিকা সের্পস্কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার দুটি পৃথক অভিযান চালিয়ে এই ৯৬ জনের বেআইনিভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। খবর বিডিনিউজের।

বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশের বরাতে খবরে বলা হয়, বুধবার বিকেলের দিকে বিস্ত্রিকা শহরে ৬৩ জনের সীমান্ত অতিক্রমের একটি চেষ্টা ব্যর্থ করে দেয়। তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানের এবং ২৩ জন বাংলাদেশের নাগরিক ছিলেন। বসনিয়া ও হার্জেগোভিনার প্রসিকিউটর অফিসের দায়িত্বপ্রাপ্ত কৌঁসুলির নির্দেশনায় ঘটনাস্থল থেকে দুটি নৌকা জব্দ ও মানবপাচারে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয়।

একই দিন রাতে বিস্ত্রিকা শহরে আরও ৩৩ জনের বেআইনিভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিরোধ করা হয়। ওই দলে ১৩ বাংলাদেশি, ১৮ জন আফগান ও ২ পাকিস্তানি ছিলেন। কর্তৃপক্ষ বলছে, এসব ঘটনার বিষয়ে ‘সার্ভিস ফর ফরেনার্স অ্যাফেয়ার্স’এর বানিয়া লুকা ফিল্ড সেন্টারকে অবহিত করা হয়েছে এবং মামলাটির আইনি কাজ বর্তমানে প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধকলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে তিনদিনে আরো ২০৫ জন ডেঙ্গু আক্রান্ত