চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দাশপাড়া ইছাখালী গ্রাম–যেটি উপজেলা সদর থেকে হেঁটে মাত্র ৫ মিনিটের দূরত্বে অবস্থিত। পৌরসভার প্রাণকেন্দ্রে বা ভূমির অফিসের পাশেই অবস্থিত হলেও আধুনিক নাগরিক সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত পিছিয়ে পড়া এ গ্রামটির চিত্র যেন ‘আলোর নিচে আঁধার’। স্থানীয় বাসিন্দার যাতায়াতে এই গ্রামে রয়েছে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ।
ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পারাপারের এই করুণ চিত্র সরেজমিন পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন। পৌরসভার প্রাণকেন্দ্রে এমন অবহেলিত কাঠের ব্রিজ দেখে তিনি তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
পরিদর্শনকালে ভিপি আনছুর উদ্দিন বলেন, এটা রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দাশপাড়ার পাশে ও ভূমি অফিসের কাছে অবস্থিত। উপজেলা সদর থেকে হেঁটে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে। এটার ঐ পাড়ে শত শত পরিবার ও গ্রামজুড়ে ৫০০ এর বেশি বাড়ি রয়েছে। আমরা মিনি শহরে থাকি; অথচ আমাদের পৌর এলাকায় এখনো কাঠের ব্রিজ রয়েছে, যা দেখানোর জন্যই আজ প্র্যাকটিক্যালি এসেছি। পৌরসভায় কাঠের ব্রিজ থাকবে–কথাটা কাউকে বললে কেউ বিশ্বাসও করবে না। এই ব্রিজের কারণে কোনো রোগী অসুস্থ হলে ওপার থেকে এপারে আনা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। আমরা পৌরসভার প্রশাসনের কাছে অনুরোধ করব তারা যেন এদিকে সুদৃষ্টি দেয়।
তিনি আরও বলেন, উন্নয়ন যেখানে আগে প্রয়োজন, শত শত পরিবারের যাতায়াতের পথ যেখানে রয়েছে, সেখানে আগে গুরুত্ব দেওয়া উচিত। অথচ দেখা যায় কয়েকটা বাড়ির জন্য রাস্তা–ব্রিজ হয়ে গেছে, কিন্তু শত শত বাড়ির মানুষ অবহেলিত। সাধারণ মানুষ পৌরসভাকে নিয়মিত ট্যাঙ দিচ্ছে, অথচ তারা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এসময় তিনি আশ্বাস দেন যে, রাঙ্গুনিয়া–৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর দৃষ্টিতে বিষয়টি দ্রুত আনা হয়েছে এবং শীঘ্রই তিনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন।
ভিপি আনছুর উদ্দিনের এমন আশ্বাসে স্থানীয় সাধারণ মানুষের মনে নতুন করে আশার আলো সঞ্চারিত হয়েছে জানিয়ে স্থানীয় বাসিন্দা রাম দাশ, কাজী মোহাম্মদ কবির এবং কালা চানসহ বাসিন্দারা দাবী করেন, কাঠের ব্রিজটির জায়গায় পাকা সেতু নির্মাণসহ পিছিয়ে পড়া এই গ্রামের মন্দিরের উন্নয়ন, শ্মশান সংস্কার, রাস্তা প্রশস্তকরণ ও সড়ক বাতি স্থাপনসহ বিভিন্ন পৌর নাগরিক সেবা নিশ্চিতের জোর দাবি জানানো হয়। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল হাসান পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।












