পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির আওতায় সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন ও মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। উত্তর বন বিভাগের সহযোগিতায় উপজেলার ১৭০টি সামাজিক,সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠান, সমবায় সমিতি ও যুব উন্নয়ন প্রতিষ্ঠানকে ৩০ হাজার চারা বিতরণ করা হয়। ইতিপূর্বে ২০ হাজার বিতরণসহ সর্বমোট ৫০ হাজার চারা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার (এমএফএসএস) নির্বাহী পরিচালক শামিমা নাসরিন।উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো.ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মাস্টার আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লায়ন অ্যাড মো. সরোয়ার হোসাইন লাভলু, এমএফএসএস সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী ও সাধারণ সম্পাদক তাইছির উদ্দীন, উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন সহ–সভাপতি খোরশেদ আলম, মো. মনজুর মোরশেদ চৌধুরী, এ কে এম মসিউদদৌলা, এমওএইচ কাইউম, জেসমিন আকতার, কামরুল ইসলাম দুলু, মো. সোহেল, লায়ন ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দোজা, মো. শাহনেওয়াজ, অধ্যাপক নুরুল গনি চৌধুরী, আবু জাফর মোহাম্মদ ছাদেক, মো ওমর ফারুক, মোঃ আবু তাহের, নুর খান, বখতেয়ার উদ্দিন, লায়ন মোহাম্মদ আলীম উদ্দীন, ওয়াসিম উদ্দীন প্রমুখ। প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন। তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সারাদেশে ব্যাপকভাবে ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষরোপণ করতে হবে।












