পরিবেশ দূষণের অভিযোগে সীতাকুণ্ডের দুই শিপ ইয়ার্ডকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত শুনাফন শেষে কীং স্টিল ও এস এইচ এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান দুটিকে দুই লক্ষ টাকা করে জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। একইদিন পৃথক পৃথক শুনানিতে পরিবেশ ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনা করা, নবায়ন না করা, পাহাড় কর্তন ও শর্তভঙ্গ করার অভিযোগে আরো ১১ প্রতিষ্ঠানকে ৬ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পপুলার মেডিকেল সেন্টার ও মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা প্যাথলজি সেন্টারকে ১০ হাজার টাকা করে এবং কঙবাজার সদর উপজেলার আনছার উল্লাহ গংকে পাহাড় কাটার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া নোয়াখালীর বসুরহাট এলাকায় ছাড়পত্রবিহীন বহুতল ভবন নির্মাণ করার অভিযোগে ছায়েদ ম্যানশন নামের একটি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা করা হয়।













