রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি সাত রাস্তার মোড় থেকে গোয়ালপাড়া পর্যন্ত বিশাল এলাকায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ সম্পত্তি বিভাগ। গতকাল সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পযর্ন্ত এই উচ্ছেদ অভিযান চালান রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো খোরশেদ আলম চৌধুরী।
জানা গেছে, বিগত সরকারের আমলে বেসরকারি হাসপাতাল নির্মাণের জন্য যে জমিটি বরাদ্দ দেওয়া হয়েছিল সেই– সাত রাস্তার মোড়ে থেকে গোয়ালপাড়া ভেতরের সড়কের দুই পাশ থেকে ছোট– বড় প্রায় ৫০টির মতো অস্থায়ী দোকান উচ্ছেদ করে প্রায় এক একরের মতো জমি উদ্ধার করা হয়েছে। এসময় বিপুল সংখ্যক পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানে আরএনবির নেতৃত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডার সালামত উল্লাহ জানান, সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পযর্ন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। সিআরবি সাত রাস্তার মোড়ে থেকে গোয়ালপাড়া ভেতরের সড়কের দুই পাশে এবং রেলওয়ে হাসপাতালের পেছনে পর্যন্ত এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। দুই পাশের ছোট– বড় সব অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী রোববার রেলপথ মন্ত্রণালয়, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম সিআরবি রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর পরিদর্শন করবেন।














