নতুন করবর্ষ থেকে ব্যক্তি শ্রেণিতে সারাবছর রিটার্ন দাখিলের প্রস্তাব করা হয়েছে, যেখানে প্রথম প্রান্তিকে জমা দিলে ছাড় দেওয়ার কথা বলেছে সরকার। আয়কর বিবরণী বা রিটার্ন জমার নির্দিষ্ট সময় বারবার বাড়িয়েও কাঙ্ক্ষিত করদাতা না মেলায় ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব রাখা হয়েছে। এজন্য অর্থবিলের মাধ্যমে আয়কর আইনের সংশোধন আনা হয়। সেখানে শর্ত সাপেক্ষে কোনো আয়বর্ষ শেষ হওয়ার পর পরবর্তী করবর্ষের পুরো সময়জুড়ে রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। তবে প্রান্তিক বিবেচনায় কর পরিশোধেরে বিধান আলাদা হবে। অর্থাৎ, কোন প্রান্তিকে রিটার্ন জমা পড়ছে, তা বিবেচনায় নিয়ে কর বা প্রণোদনার হিসাব করা হবে। খবর বিডিনিউজের।
অর্থবিল ২০২৬ এ বলা হয়েছে, ব্যক্তিশ্রেণির করদাতা প্রথম প্রান্তিক যদি ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হয়, তাহলে ‘দ্রুত’ রিটার্ন দাখিলের জন্য ৫ শতাংশ হারে ছাড় পাবেন। তবে ছাড়ের পরিমাণ হবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা। এই কর প্রণোদনা কীভাবে মিলবে তার বিস্তারিত তুলে ধরা হয়নি অর্থবিলে; আয়কর বিশ্লেষকরাও এ নিয়ে শঙ্কার কথা বলছেন। তাদের মতে, আয়কর পরিশোধের সময়ই এই ছাড় দেওয়াটা ভালো হবে। কিন্তু পুরো কেটে নেওয়ার পর ফেরত দেওয়ার বিষয় হলে অনেকের মধ্যে ফিরে না পাওয়ার শঙ্কা তৈরি হতে পারে। আর জের টানার সুযোগ থাকলে সেটি অনেক করদাতা প্রণোদনা হিসেবে নাও দেখতে পারেন।











