সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি চেয়েছে দুদক

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তাকর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে এসব তথ্য ও রেকর্ডপত্র চেয়ে গতকাল চিঠি পাঠিয়েছে সংস্থাটি। চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চাহিদাকৃত তথ্য ও নথি দুদকে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। খবর বাসসের।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মো. জাহিদ কালাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অভিযোগের নিরপেক্ষ অনুসন্ধান পরিচালনা ও প্রতিবেদন দাখিলের জন্য চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

চিঠিতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মেয়াদকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তাকর্মচারীদের সকল প্রকার নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত তথ্যাদি ও সংশ্লিষ্ট প্রশাসনিক রেকর্ডপত্র তলব করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে সার ভর্তি ট্রাক জব্দ, আটক ৩
পরবর্তী নিবন্ধকলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা