ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রেসিডেন্ট জানিয়েছেন, হুতি মিলিশিয়াদের অভ্যুত্থানের অবসান ঘটাতে, রাজধানী সানা মুক্ত করতে ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করতে তারা ডন অব ইয়েমেন সামরিক অভিযান শুরু করেছেন। খবর বিডিনিউজের। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি বলেছেন, খোদার সাহায্যে, আমাদের জনগণের ইচ্ছায়, আমাদের সশস্ত্র বাহিনী ও সব সামরিক বিন্যাসের সাহসিকতায় এবং আমাদের ভাই ও বন্ধুদের সমর্থনে, ইয়েমন স্বাধীনতার এক ভোর, শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে। আনসার আল্লাহ নামে পরিচিত ইরান সমর্থিত হুতিরা ২০১৪ সালে সানা দখল করে নেওয়ার পর সেখানে নিজেদের সরকার বসায়।
পাশাপাশি তারা ইয়েমেনের উত্তরাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলও নিয়ন্ত্রণ করছে। গত মাসে তারা দেশটির লোহিত সাগরের উপকূলবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোও দখলে নিয়েছে। সৌদি আরব সমর্থিত আল আলিমি রোববার হুতিদের নিয়ন্ত্রণে থাকা সব ভূখণ্ড পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরু করার্ ঘোষণা দিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, অভিযান শুরুর পর ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি করেছে। তারা তায়িজ প্রদেশের উপকূলীয় শহর ধুবাবের নিকটবর্তী একটি বিমানবন্দর পুনরুদ্ধারেরও দাবি করেছে।












