হেফাজতে নির্যাতন ও অপরাধমূলক অসদাচরণের অভিযোগে সাতকানিয়া থানার সাবেক দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। মামলার শুনানি শেষে গতকাল সাতকানিয়া থানাকে বাদীর অভিযোগটিকে এফআইয়ার হিসেবে ট্রিট করার জন্য চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়। গত ১১ জুন চট্টগ্রামের সিনিয়র দায়রা বিশেষ জজ আদালত মামলাটি দায়ের করেন মোহাম্মদ ফারভেজ। তিনি সাতকানিয়ার উত্তর এওছিয়া এলাকার বাসিন্দা।
অন্যদিকে আসামিরা হলেন– সাতকানিয়া থানার তৎকালীন উপ–পরিদর্শক (এসআই) সৈয়দ তারেক ইমরোজ ও ফজলু। তাদের মধ্যে ইমরোজ বর্তমানে সিলেটে কর্মরত রয়েছেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়। ফজলু কোথায় রয়েছে সে বিষয়ে আরজিতে কোন কিছু বলা হয়নি। বাদীর আইনজীবী মো. আনোয়ার হোসেন দৈনিক আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার আরজিতে বলা হয়, সল্প বেতনের একজন চাকরিজীবী হওয়া সত্ত্বেও ২০১৪ সালের ২৬ মে কোনো পরোয়ানা বা অভিযোগ ছাড়াই বাদীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। ২৯ মে পর্যন্ত তাকে থানা হেফাজতে রেখে নির্যাতন করা হয়। এতে তার দুই হাত গুরুতর জখম হয় এবং বাম কানে আঘাতের কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ২ লাখ টাকা ঘুষ দাবি করা হয় উল্লেখ করে বাদী আরজিতে বলেন, পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মোট ২ মাস ৩ দিন হাজতবাস শেষে কারাগার থেকে বের হয়ে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইজিপি বরাবর একটি লিখিত অভিযোগ করেন বলেও আরজিতে উল্লেখ করেন বাদী। আরজিতে বলা হয়, চলতি বছরের ১০ এপ্রিল দুই পুলিশ কর্মকর্তার নির্দেশে সাদা পোশাকে ৫/৬ জন পুলিশ সদস্য বাদীর বাসায় গিয়ে আইজিপি বরাবর করা অভিযোগ তুলে নিতে চাপ প্রয়োগসহ হত্যার হুমকি দেওয়া হয়।












