সাতকানিয়ায় ৮ মামলার আসামি তুর্কি অস্ত্রসহ গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ৮ মামলার এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম তানভীরুল ইসলাম প্রকাশ তুর্কি (২৫)। এসময় তার কাছ থেকে ১টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের আলমগীর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তুর্কি ঢেমশা ইউনিয়নের মাইজপাড়ার মোবারক হোসেন ড্রাইভারের পুত্র।

পুলিশ জানান, অস্ত্র আইনেসহ ৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম প্রকাশ তুর্কি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গতকাল শুক্রবার বিকালে ঢেমশা আলমগীর পাড়া এলাকায় কয়েকজন সহযোগীসহ অবস্থান করার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ তুর্কিকে গ্রেপ্তারের চেষ্টা করলে সে প্রথমে পালিয়ে যায়। পরে ধাওয়া করে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত তুর্কি এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনেসহ ৮টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গতকাল ঢেমশা আলমগীর পাড়া এলাকায় অবস্থানের বিষয়ে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তুর্কির কাছ থেকে ১টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমানে গাউছিয়া আজিজিয়া আমিনিয়া ইদ্রিছিয়া দরবারে বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধজীবনযুদ্ধে জয়ী হতে প্রয়োজন অধ্যবসায়