সাগরে গভীর নিম্নচাপ, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:১৯ পূর্বাহ্ণ

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমারের উপকূলে অবস্থানরত নিম্নচাপটি উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

আবহাওয়া অধিদপ্তরের সোমবারের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমারের উপকূলে অবস্থানরত নিম্নচাপটি উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় (১৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

এটি সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণপূর্বে, কঙবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০৮০ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ৪ বছরের ভাতিজিকে গলা টিপে মারল ফুফু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নেই হৃদরোগের বিশেষায়িত হাসপাতাল