সন্তানদের সঙ্গে বন্ধুর মতো মিশে তাদের মন–মানসিকতা বুঝতে হবে অভিভাবকদের। তাদের দৈনন্দিন চলাফেরা সম্পর্কেও সচেতন থাকতে হবে। কারণ, সন্তানের জীবনের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার, আর প্রথম শিক্ষক মা–বাবা। গতকাল বৃহস্পতিবার সকালে সাতকানিয়া উপজেলার আমিলাইষ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোহাম্মদ সাঈদুজ্জামান।
তিনি বলেন, মানুষের জীবন সময়ের সমষ্টি। অভিভাবকদের উচিত জীবনের মূল্যবান সময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ সন্তানের জন্য ব্যয় করা। বিদ্যালয় প্রাতিষ্ঠানিক শিক্ষা দেয়, কিন্তু মূল্যবোধ, নৈতিকতা, দায়িত্ববোধ, শিষ্টাচার ও মানবিক গুণাবলির ভিত্তি গড়ে ওঠে পরিবারে। তাই শিক্ষার্থীর প্রকৃত বিকাশে পরিবার ও বিদ্যালয়ের মধ্যে নিবিড় সমন্বয় থাকা জরুরি। শিক্ষার্থীদের উদ্দেশে সাঈদুজ্জামান বলেন, প্রতিটি মা–বাবা চান সন্তানের সব অভাব পূরণ করতে। তাই মা–বাবার কাছে অনৈতিক আবদার না করে নিজেদের সুশিক্ষিত, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সুশিক্ষার বিকল্প নেই। বিদ্যালয় পরিচালনা কমিটির এডহক সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডা. আবদুল কাদের, নলুয়া ডি. এল. কারণ উচ্চবিদ্যালয়ের সভাপতি ডা. রানা চৌধুরী এবং দক্ষিণ কাঞ্চনা এন. এ. চৌধুরী উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খোরশেদুল আলম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহির হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ মাহাফুজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।









