আইপিডিসি ফিন্যান্স পিএলসি, চট্টগ্রাম ডিভিশনের প্রধান অনির্বাণ সরকার তাঁর টিমসহ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে ফেলোশিপ সভায় মিলিত হন।
সভায় আইপিডিসি টিমকে স্বাগত জানান ফাউন্ডেশনের ট্রেজারার ইঞ্জিনিয়ার আলী আহমেদ। ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমান। তিনি জানান, বর্তমানে হাসপাতালে ২৪/৭ ভিত্তিতে প্রতিদিন ১০০ সেশন ডায়ালাইসিস সেবা প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান, অতি সমপ্রতি কিডনি রোগীদের সার্জারি চিকিৎসার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত দুটি মডুলার অপারেশন থিয়েটার চালু করার পরিকল্পনা রয়েছে, যার চূড়ান্ত লক্ষ্য কিডনি প্রতিস্থাপন শুরু করা। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে ২০২৭ সালের অক্টোবরের মধ্যে ২ লক্ষ বর্গফুটের ২০ তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়, যেখানে ইউরোলজি, নেফ্রোলজি, অনকোলজি, গাইনোকোলজি, কার্ডিওলজি এবং একটি আধুনিক রিসার্চ সেন্টার থাকবে। সভায় আইপিডিসি ফিন্যান্সের পক্ষ থেকে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালকে তাদের সিএসআর ফান্ড থেকে দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল কিডনি রোগীদের সহায়তার জন্য প্রস্তাবনা প্রেরণের আহ্বান জানানো হয় এবং যৌথভাবে ব্র্যান্ডিং ও সহযোগিতামূলক কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। আইপিডিসি’র পক্ষ থেকে বক্তব্য দেন, সুদীপ্তা বড়ুয়া, বেলাল ও আতাউর রহমান। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন প্রফেসর ডা. সানাউল্লাহ শেলী, প্রফেসর ডা. মাসুদ, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, জেসমিন সুলতানা পারু, কর্নেল (অব.) মোহাম্মদ ইকবাল, রেজওয়ান শহীদি ও এমদাদুল আজিজ চৌধুরী। শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।












