মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদে সংসদ নেতার পাশের আসন পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল বৃহস্পতিবার বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। এতদিন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনটিতে বসতেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ায় ওই দুই পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন।
সরকারির দলের প্রথম সারিতে আসনগুলোর মধ্যে মির্জা ফখরুলের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তারপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বসতেন এতদিন। এখন নতুন আসন বিন্যাসে মির্জা ফখরুলের আসনটিতে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তারপর যথাক্রমে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান, সেলিমা রহমান ও আমান উল্লাহ আমানের বসার ব্যবস্থা হয়েছে।






