শ্রীমাই খালে যুবকের অর্ধগলিত মরদেহ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতনামা অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি সংলগ্ন ব্রিজের পাশে শ্রীমাই খালে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, সকালে খালে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের সাথে লাশ উদ্ধার কার্যক্রমে অংশ নেয় পটিয়া গাউসিয়া কমিটির মানবিক টিম। তাদের সহায়তায় মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাঁর নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরনে কাল রঙের প্যান্টজাতীয় পোশাক রয়েছে বলে ঘটনাস্থলের ছবি থেকে দেখা গেছে। শরীরের বিভিন্ন অংশ কাদা, পানি ও জলজ উদ্ভিদে আংশিকভাবে ঢাকা ছিল।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, উত্তর ছনহরার ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি সংলগ্ন ব্রিজের পাশে শ্রীমাই খালের মধ্যে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অধিকতর তদন্তে পিবিআইকে দায়িত্ব দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মরদেহটি খালের পানিতে পড়ে থাকায় শরীরের কিছু অংশে কাদা ও জলজ উদ্ভিদ জড়িয়ে ছিল। তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে কিংবা কখন থেকে মরদেহটি সেখানে পড়ে ছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার ঈদে মিলাদুন্নবী (দ.) সেমিনার