শিবির ও তাদের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে

ছাত্রদলের বিবৃতি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

সিটি কলেজে ইসলামী ছাত্রশিবির ও তাদের সন্ত্রাসীরা যৌথ সমন্বয়ে ধারালো অস্ত্র, রামদা, কিরিচ নিয়ে ছাত্রদল ও সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়েছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে নগর ছাত্রদল।

গতকাল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তারা ছাত্রদল ও সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গ্রাফিতিতে গুপ্ত শব্দ লেখার কারণে ছাত্রদল নেতাকে দায়ী করে শিবির নেতৃবৃন্দ গতকাল সকাল সাড়ে এগারোটায় সিটি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মিশকাতের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে সিটি কলেজ ছাত্রদল সভাপতি সোহেল সিদ্দিকী রনি, যুগ্ম আহ্বায়ক ইসমাইল ভুইয়া, মেহরাজ, নাজিম, মিরাজ, রেশাদ, মাসফিসহ অসংখ্য নেতৃবৃন্দ আহত হয়ে নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কার্যক্রম ক্যাম্পাসে চলতে পারে না। হামলার ঘটনায় স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, দীর্ঘ সতেরো বছর গুপ্ত রাজনীতির মাধ্যমে ছাত্রলীগের ছায়ায় ফ্যাসিস্ট চেতনা পরিপূর্ণ ধারণ করেছে শিবির। আমরা চাই ছাত্র রাজনীতি হবে নীতি নৈতিকতা ও মুক্তচিন্তার চর্চার মাধ্যমে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের পাহাড়ে তিন যুবকের রক্তাক্ত মরদেহ
পরবর্তী নিবন্ধছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়েছে