ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়েছে

শিবিরের বিবৃতি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের জনশক্তিদের ওপর ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীরা বর্বরোচিত সশস্ত্র হামলা চালিয়েছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণ। গতকাল এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাইমুনুল ইসলাম মামুন ও সেক্রেটারি রাকিবুল ইসলাম এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই বিপ্লবের শহীদদের বাণী সংবলিত ফেস্টুন ও আধিপত্যবিরোধী পোস্টার ছিঁড়ে ফেলার মতো ধৃষ্টতা দেখায় ছাত্রদল। এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে কলেজ প্রশাসনের সাথে কথা বলতে ছাত্রশিবির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে অবস্থান করছিল, তখন ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ১২ জন শিক্ষার্থী আহত হন। হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুনরায় ছাত্রলীগ সন্ত্রাসীদের মতো ফ্যাসিবাদী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, যাতে আরও ৩০ জন আহত হন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে। শিক্ষাঙ্গনকে সহিংসতামুক্ত রাখতে আমরা সকল মহলকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধশিবির ও তাদের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে
পরবর্তী নিবন্ধইস্টার্ন রিফাইনারির জন্য ক্রুড অয়েল আনতে উদ্যোগ