পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) ৬ ও ৭ মে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ ফেস্টে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন খাতের পেশাজীবীদের অংশগ্রহণে ক্যারিয়ারভিত্তিক সেশন ও নেটওয়ার্কিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক জ্ঞান প্রদানই নয়, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়নের জন্য অত্যন্ত কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
ফেস্টের প্রথম দিনে ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপে বক্তারা বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষতা, যোগাযোগ ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্য দেন, চবি মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান, এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (এইচআর) নোমান বিন জহিরউদ্দিন, ম্যানেজার মো. ওয়াহিদুর রহমান, ব্যাংকার অলকা সারাহ। দ্বিতীয় দিনে কর্পোরেট নেটওয়ার্কিং ও সিভি সাবমিশন সেগমেন্টে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং সিভি জমা দেওয়ার সুযোগ পায় শিক্ষার্থীরা। এতে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। ফেস্টের সমাপনী আয়োজনে ক্যারিয়ার টক সেশনে অংশগ্রহণকারী অতিথিরা নিজেদের পেশাগত অভিজ্ঞতা, সফলতার গল্প এবং বাস্তব কর্মজীবনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বক্তব্য দেন, এনবিআর কমিশনার শামিনা ইসলাম, রেড সি গেটওয়ে টার্মিনালের হেড অব কমার্শিয়াল সৈয়দ মোহাম্মদ তারিক, র্যানকনের সিইও তানভীর শাহরিয়ার রিমন, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, বিসমিল্লাহ টেঙটাইলের মহাব্যবস্থাপক বোরহান উদ্দিন ফারুক, চসিক’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














