প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে তারা স্টেডিয়াম পরিদর্শন ও টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থট থ্রি সিক্সটির উপস্থাপনা পর্যবেক্ষণ করেন। এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ সংশ্লিষ্টরা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের মাঠ সহ অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন। এসময় দুই মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার সহ, সুশৃঙ্খল ও সুন্দরভাবে ছাত্রছাত্রীদের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এসময় শিক্ষা সচিব আবদুল খালেক বলেন, বৈরী আবহাওয়া, চট্টগ্রামের বিভিন্ন এলাকার বন্যা পরবর্তী সার্বিক পরিস্থিতি ও বৃষ্টির কথা বিবেচনায় এনে আমাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আমরা উদ্বোধনী অনুষ্ঠান একমাস পিছিয়ে নিয়েছি, যাতে আমরা পূর্ণাঙ্গভাবে খেলাটা শেষ করতে পারি। পরে জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থট থ্রি সিক্সটির কর্মকতারা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে তাদের সাজ সজ্জার ডিজাইন এলইডি স্ক্রিনে প্রদর্শন করেন ও এই ব্যাপারে ব্রিফিং করেন। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সহ সংশ্লিষ্টরা তা দেখে এব্যাপারে প্রয়োজনীয় পরিবর্তন ও সংযোজনের ব্যাপারে তাদের মতামত জানান। এ সময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব আবদুল খালেক, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, নগর যুব দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সিজেকেএস কাউন্সিলর আলী আহসান রাজু সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












