লোহিত সাগরে ইয়েমেনের হুতিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষা করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে সৌদি আরব। জোট গঠন নিয়ে আলোচনার বিষয়ে অবগত দুই কর্মকর্তা বুধবার একথা জানিয়েছেন। খবর বিডিনিউজের। তারা জানান, জোটটি কাদের নিয়ে গঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ডজনখানেক দেশের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে জানতে সৌদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন–এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। ইয়েমেনের ইরান–সমর্থিত হুতি গোষ্ঠী গত ২০ জুলাই ঘোষণা দিয়েছিল যে, ইয়েমেনে সৌদি আরবের অবরোধের জবাবে তারা লোহিত সাগরে দেশটির বিরুদ্ধে নৌ–অবরোধ আরোপ করছে। তবে ইয়েমেনের অবরোধের বিষয়টি অস্বীকার করেছে সৌদি আরব। নৌ অবরোধ ঘোষণার পর থেকে হুতিরা জানিয়েছে, তারা লোহিত সাগরে সৌদি আরবের জাহাজে হামলা চালিয়েছে।
জবাবে সৌদি আরবও ইয়েমেনের হুদাইদাহ বন্দরে হুতিদের সামরিক স্থাপনাগুলোয় বিমান হামলা চালিয়েছে। হুতিরা এই বন্দর ব্যবহার করে বাণিজ্যিক জাহাজগুলোকে হুমকি দিত বলে অভিযোগ সৌদি আরবের। হুতিদের নৌ অবরোধ যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর বিরুদ্ধে চলমান ইরান যুদ্ধে নতুন এক ফ্রন্ট খুলে দিয়েছে।












