লোহাগাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধিগ্রহণকৃত জায়গায় নির্মাণাধীন স্থাপনা অপসারণের জন্য নোটিশ দেওয়া হয়েছে। দোহাজারী সড়ক উপ–বিভাগের উপ–বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী স্বাক্ষরিত নোটিশটি প্রেরণ করা হয়। গতকাল রোববার বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানতে পারেন। নোটিশে বলা হয়েছে, লোহাগাড়া থানা সংলগ্ন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে সওজের অধীনে ন্যস্ত লোহাগাড়া মৌজার সরকারি অধিগ্রহণকৃত ভূমিতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে সরকারি সম্পদে অনুপ্রবেশ ও সরকারি সম্পদের ওপর অধিকার খর্ব করা হয়েছে। যা মহাসড়ক আইন ২০২১ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
নোটিশে আরও উল্লেখ করা হয়, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে স্থানীয় সাওফাত বিন হাবিব, মিজান ও এস এম চিশতিকে বারবার বলা হলেও তারা তা আমলে নেননি। তাই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সওজের ভূমির উপর নির্মাণাধীন স্থাপনা দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ৩ অক্টোবর দৈনিক আজাদী পত্রিকায় ‘লোহাগাড়ায় সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ/ উপরে উচ্চক্ষমতার বৈদ্যুতিক লাইন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খান জানান, টার্ফের উপর দিয়ে পিডিবির ৩৩ হাজার ভোল্ট এবং এর সামনে নির্মাণাধীন স্থাপনার উপর পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতার লাইন সঞ্চালন হয়েছে। ঝুঁকিপূর্ণ দূরত্বে কোনো স্থাপনা নির্মাণ না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হলেও তারা তা আমলে না নিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ–সহকারী প্রকৌশলী শহীদুল আলম জানান, সওজের জায়গায় নির্মিত স্থাপনা অপসারণের জন্য নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে স্থাপনা অপসারণ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












