লোহাগাড়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি করে দেশীয় তৈরি অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা হোসাইন আহম্মেদ (৪২), কঙবাজারের মাতামুহুরী উপজেলার বাসিন্দা মোহাম্মদ আয়াতুল্লাহ (২৭) ও ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আসাদুজ্জামান (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়া হয়। চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর ধাওয়া করে কারটির গতিরোধপূর্বক ঘটনাস্থলে থামিয়ে কারের ভেতর তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো ২টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।












