লোহাগাড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া ও ডেইল্যাপাড়া এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে এসব দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন রাজশাহীর মো. রকি ইসলাম (৩০), পদুয়া ইউনিয়নের নারগিস আক্তার (৪৮), সাইফুল ইসলাম (২৩), মো. ইলহাম (১৩), মো. ইকবাল (৪৫), মো. জামাল (৪৩), শারমিন আক্তার (৩৩) ও শিশু তানহা (৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে মহাসড়কের নয়াপাড়া এলাকায় একটি তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রকি ইসলাম ও পথচারী নারগিস আক্তার আহত হন। আহত রকি রাজশাহী থেকে মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় পদুয়া–নাওঘাটা সড়কের ডেইল্যাপাড়া এলাকায় একটি অটোরিকশার সঙ্গে সিএনজি টেক্সির সংঘর্ষ হয়। এতে মো. ইলহাম ও তানহা নামের দুই শিশুসহ আরও ছয়জন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যান।
লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক সাইমুন সিরাজ বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে রকি ইসলাম ও ইকবালকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা ট্রমা সেন্টারে চিকিৎসা নিয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের বিষয়টি পুলিশকে কেউ জানায়নি। তবে এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












