লোহাগাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল হুদা প্রকাশ রিদোয়ান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল হুদা কক্সবাজারের রামু থানার ঈদগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়ার নুরুল আজিমের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ডাল কাটার জন্য বট গাছে উঠে শ্রমিক নুরুল হুদা। এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। পরে গাছ থেকে পড়ে মাথায়ও আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জয়া সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এছাড়া তিনি মাথায়ও আঘাত পেয়েছেন।














