নানা আয়োজনে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের জমিদার এর্শাদ আলী সরকারের বৈশাখী মেলা গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। প্রতি বছর বাংলা নববর্ষের ৪ বৈশাখ এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলা এ অঞ্চলে যুগ যুগ ধরে লোকজ ঐতিহ্য বহন করে আসছে। মেলা উপলক্ষে প্রতি বছর বিভিন্ন উপজেলা থেকে এ মেলায় বহু লোকের সমাগম ঘটে। তবে কালের বিবর্তনে মেলার ঐতিহ্য হারাতে বসেছে।
জানা যায়, এ বছর ছোট পরিসরে মেলাটি আয়োজন করা হলেও তৈলারদ্বীপ গ্রামটি ছিল উৎসবমুখর। এ মেলা গ্রামের মানুষের আনন্দ–উচ্ছ্বাস এবং চিত্তবিনোদনের অন্যতম উপলক্ষ। মেলায় জাতি–ধর্ম নির্বিশেষে সব শ্রেণির মানুষ আসে এবং আনন্দ ভাগাভাগি করে থাকেন। মেলায় বিক্রেতারা বিভিন্ন ধরনের মাটির হাঁড়ি পাতিল, খেলনা, পুতুল, বাঁশ, বেতের সামগ্রী, মিষ্টান্ন দ্রব্য, মুখরোচক নানা খাবার, ফলমূল, কৃষিজ দ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেচাকেনা হয়।
সমাজ কর্মী মো. ফারুক বলেন, এই মেলা সরকারের মেলা হিসেবে এলাকায় পরিচিত। বাংলা নববর্ষের ৪ বৈশাখ এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। তৈলারদ্বীপ এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হামিদুর রহমান জানান, এ বছর ছোট পরিসরে মেলাটি আয়োজন করা হলেও মেলা ঘিরে স্থানীয় মানুষের মাঝে উৎসব আনন্দ ছড়িয়ে পড়েছে। এ মেলা দীর্ঘ বছর ধরে এ অঞ্চলের ঐতিহ্য বহন করে থাকে।














