লায়ন্স ক্লাব অব চিটাগং ও লিও ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম রব্বানীর নেতৃত্বে বিশ্ব থ্রম্বোসিস দিবস পালন করা হয়েছে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটির সঙ্গে সমন্বয় করে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল মঙ্গলবার বিশ্ব থ্রম্বোসিস দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে রক্তনালিতে রক্ত জমাট বাঁধার ঝুঁকি, এর সম্ভাব্য জটিলতা এবং প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, লায়ন মনিরুল কবির, ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন আবুল নাসর রনি, লিও শেখ মুনতাসির মামুন, লিও বাঁধন ঘোষ, লিও ইনতিশার রহমান, লিও তারানা আহমেদ, লিও সানজানা ই তাহিয়া, লিও জহির আব্বাস চৌধুরী, লিও তামজিদ হাসানসহ লায়ন্স ও লিও ক্লাবের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা বলেন, থ্রম্বোসিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো রোগ শনাক্তকরণ ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরা এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। রক্ত জমাট বাঁধার কারণে স্ট্রোক, হার্ট অ্যাটাকসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে লায়ন্স ও লিও ক্লাবের সদস্যরা জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।











