রয়ে যাবে যত স্মৃতিচিহ্ন

শিল্পকলার ৪ গুণী প্রশিক্ষকের বিদায় সংবর্ধনা

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ কেন্দ্রের চারজন গুণী প্রশিক্ষক অগণিত শিক্ষার্থী, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন। গতকাল বৃহস্পতিবার একাডেমির মুক্তমঞ্চে তাদের সম্মানে ‘রয়ে যাবে যত স্মৃতিচিহ্ন…’ শিরোনামে কৃতজ্ঞতা প্রকাশ ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত চার প্রশিক্ষক হলেন সংগীত প্রশিক্ষক মো. মোস্তফা কামাল, সংগীত প্রশিক্ষক আব্দুর রহিম, নৃত্য প্রশিক্ষক স্বপন দাশ এবং নাট্যকলা প্রশিক্ষক জোবায়দুর রশীদ। শিল্পসংস্কৃতির আলোয় সমাজ ও দেশকে সমৃদ্ধ করতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের পক্ষ থেকে এই গুণী প্রশিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।

বর্তমান প্রশিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে সংবর্ধিত প্রশিক্ষকদের লালগালিচায় ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ সংবর্ধিত অতিথিদের উত্তরীয় ও ফুল দিয়ে মঞ্চে বরণ করে নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন প্রাক্তন কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার। অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করেন সংগীত প্রশিক্ষক অপু বর্মন ও চিত্রকলা প্রশিক্ষক সঞ্জিত রায়। সংবর্ধিত অতিথিদের সম্মানে রচিত মানপত্র পাঠ করেন অনুষ্ঠান সঞ্চালক ফারুক তাহের। বিদায়ী প্রশিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন আবৃত্তি প্রশিক্ষক শ্রাবণী দাশগুপ্ত ও নাট্য প্রশিক্ষক পার্থ মহাজন। শিক্ষার্থীদের পক্ষে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন কৌশিক।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা নিজেদের শেখানো পথে শিক্ষার্থীদের শিল্পসাধনায় নিয়োজিত হয়ে দেশ ও সমাজকে আলোকিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ বলেন, জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমকে সমৃদ্ধ করার পাশাপাশি অসংখ্য শিল্পী তৈরির মাধ্যমে দেশের শিল্পসংস্কৃতিকে এগিয়ে নিতে এই চার গুণী প্রশিক্ষকের অসামান্য অবদান রয়েছে। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামীতেও তাদের সুপরামর্শ প্রত্যাশা করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী অপু বর্মন এবং একক নৃত্য পরিবেশন করেন শিল্পী প্রমা অবন্তী। এছাড়া জেলা শিল্পকলা একাডেমির শতাধিক শিক্ষার্থী দলীয় সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশান্তর সেঞ্চুরিতে শান্তি বাংলাদেশ দলের
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.৫৬ কোটি টাকা