এক রোহিঙ্গা যুবকের প্রেমের ফাঁদে ফেসে যাওয়া এক স্কুলছাত্রীকে তিন মাস পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগরীর হালিশহর থানা এলাকা থেকে কৌশলে অপহৃত ওই স্কুল ছাত্রীকে উখিয়ার পালংখালী থেকে উদ্ধার করা হয়। এক পুলিশের তথ্য অনুযায়ী, এক রোহিঙ্গা যুবক ‘বাঙালি সেজে’ তাকে প্রেমের ফাঁদে ফেলে কক্সবাজারে নিয়ে আটকে রাখে।
বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা চাকমা পাড়া এলাকার জাকিরের বাসা থেকে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত রোহিঙ্গা তরুণের নাম আল মামুন প্রকাশ আফবিয়া (২০)। সে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের ইস্ট ক্যাম্পের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গত ১৯ মে কোচিংয়ে যাওয়ার পথে নগরের হালিশহর থেকে মেয়েটিকে নিয়ে যায় আল মামুন। পরে ২ জুন অপহরণের অভিযোগে মেয়েটির মা চট্টগ্রামের আদালতে মামলা করেন। আদালত পিবিআইকে উদ্ধারের নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম নগর ইউনিটের উপ–পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন চৌধুরী সাংবাদিকদের জানান, তদন্তে নেমে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মুছারখোলা চাকমা পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় মেয়েটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। সে বারবার অবস্থান পরিবর্তন করছিল। পরে গত বুধবার রাতে মেয়েটিকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য চমেক হাসপাতালে এবং জবানবন্দি লিপিবদ্ধ করানোর জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানোসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও পুলিশ জানিয়েছে।














