নগরের রেয়াজুদ্দিন বাজার থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব–৭। গত সোমবার দিবাগত রাতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
র্যাব–৭ এর মেজর জালিস মাহমুদ খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেয়াজুদ্দিন বাজারের একটি ভবনে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি কক্ষ তল্লাশি করে সরকারি শুল্ক–কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। এসব সিগারেট অবৈধভাবে আমদানি ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।












