রেস্টুরেন্টের পরিবেশে শালীনতা নিশ্চিত করা হোক

| মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

বর্তমানে দেশের উন্নয়নের সাথে সাথে তরুণ সমাজের জীবনযাত্রায়ও এসেছে নানা পরিবর্তন। এই উন্নত জীবনের পরিবর্তনে মানুষ এখন ঘরোয়া খাবারের পাশাপাশি বিভিন্ন বিদেশি খাবারের প্রতিও আগ্রহী হয়ে উঠেছে। এই চাহিদা পূরণে শহরজুড়ে গড়ে উঠছে নতুন নতুন রেস্টুরেন্ট ও খাবারের দোকান। কিন্তু সেখানে নেই পর্যাপ্ত শালীনতা বজায় রেখে বিদেশি খাবার উপভোগ করার সুযোগ। কারণ বর্তমানে অনেক নতুন রেস্টুরেন্টে দেখা যায় পুরুষ ও নারীদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা নেই। যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে এটি আমাদের জন্য সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সাথে মানানসই নয় বরং অস্বস্তিকর। পাশাপাশি অনেক ক্ষেত্রে এমন পরিবেশ তৈরি হয়, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করতে পারে। এতে আগত অনেকেই অস্বস্তিতে পড়েন এবং পরিবেশও অশালীন হয়ে ওঠে। অতএব, সেসব রেস্টুরেন্টে কর্তৃপক্ষের উচিত খাবারের মান নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্ন, নিরাপদ ও শালীন পরিবেশ বজায় রাখার ব্যবস্থা করা। একইসাথে প্রশাসনের প্রতিও অনুরোধ থাকবে, এ বিষয়ে নিয়মিত তদারকি বৃদ্ধি করার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা। আইনগত ব্যবস্থা গ্রহণও জরুরি। সঠিক ভাবে তদারকি করা হলে আমাদের তরুণ প্রজন্ম একটি সুন্দর ও সুস্থ পরিবেশে খাবার উপভোগের জন্য সময় কাটানোর সুযোগ পাবে।

সৈয়দা নাজিফা আক্তার

শিক্ষার্থী,

চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধমনোরঞ্জন সেন : ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী
পরবর্তী নিবন্ধদুর্বল বিচার, বাড়ছে ছিনতাই ও মাদক