রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের শিমুর স্বর্ণ জয়

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের পর্দা নামল

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

টঙ্গীর আরচ্যারি ট্রেনিং একাডেমিতে পর্দা নামল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’এর। ঘরের মাঠে এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের আরচ্যারসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পদক নিজেদের করে নিয়েছেন। প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের আরচ্যার সীমা আক্তার শিমু। শিমু ও মালয়েশিয়ার মোহাম্মদ দানিশের জুটিতে গড়া ‘আজালিয়া’ দল ৬০ সেটে প্রতিপক্ষ ‘ব্লুবেল’ দলকে পরাজিত করে এই গৌরব অর্জন করে।

একই ইভেন্টের ব্রোঞ্জপদক নির্ধারণী লড়াইয়ে প্রিমরোজ দল ডালিয়া দলকে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করেছে। এদিকে প্রতিযোগিতার রিকার্ভ অনূর্ধ্ব ১৮ মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘লিলি’ দল। ফাইনালে লিলি দলের দুই প্রতিযোগী অ্যাঞ্জেলা ফিলিপ অ্যালেক্সিস এবং রুদ্র কুমার ৬০ সেটে জয়লাভ করেন মোনা আলশারা ও দ্যানেশ বালাজি চেরালের বিপক্ষে। এই বিভাগে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জপদক জিতেছে ‘পিওনি’ দল।

রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রৌপ্য পদক অর্জন করেছেন বাংলাদেশের রাম কৃষ্ণ সাহা। স্বর্ণপদকের লড়াইয়ে তিনি ভুটানের আরচ্যার শেরিং কিনলের মুখোমুখি হন। প্রথম সেট জিতলেও রাম কৃষ্ণ ২৬ সেটে হেরে রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকেন। এছাড়া রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের আবদুর রহমান আলিফ চতুর্থ স্থান অর্জন করে প্রতিযোগিতা শেষ করেন। অন্যদিকে রিকার্ভ নারী এককের ফাইনালে হয়েছে অল চাইনিজ লড়াই। স্বদেশী জিয়াওয়েন শেনকে হারিয়ে স্বর্ণ জয় করেন মুজি লি। রিকার্ভ অনূর্ধ্ব১৮ নারী এককে বাংলাদেশের সোনালি রায় ও সাইমা সালাহ উদ্দিন যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থান লাভ করেন। এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন সংযুক্ত আরব আমিরাতের সামিয়া। তিনি হারিয়েছেন ভারতের আনন্দরাও গাথাকে। অন্যদিকে রিকার্ভ অনূর্ধ্ব১৮ পুরুষ এককের সেমিফাইনালে লড়াই করে প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেন বাংলাদেশের ইমতিয়াজ আমিন ফতেমি ফুয়াদ। এই ইভেন্টের ফাইনাল ম্যাচে ভারতের বালাজি হারিয়েছেন ফিলিপাইনের মার্ক জেনারেলকে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পদক তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধইনফান্তিনোর অবস্থান আরও নড়বড়ে
পরবর্তী নিবন্ধস্পটিফাইতে গানে নোট লেখার নতুন ফিচার