রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠেছেন বাংলাদেশের আলিফের

এশিয়া কাপ আর্চারি

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৮ জুন, ২০২৫ at ১২:১৫ অপরাহ্ণ

এশিয়া কাপ আর্চারি (লেগ–২)-এর রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠেছেন আব্দুর রহমান আলিফ। এতে করে পদকও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। সিঙ্গাপুরে হওয়া এই প্রতিযোগিতায় মঙ্গলবার রিকার্ভ পুরুষ এককের সেমি–ফাইনালে আলিফ ৬–২ সেট পয়েন্টে হারান চাইনিজ তাইপের প্রতিযোগী চেন পিন–আনকে। সেরা হওয়ার লড়াইয়ে শুক্রবার তিনি লড়বেন জাপানের প্রতিযোগী মিয়াতা গাকুতোর বিপক্ষে। ‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করা আলিফ চীনের আলিনকে ৬–২ ব্যবধানে হারিয়ে ওঠেন শেষ বত্রিশে। পরের ধাপগুলোয় মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬–৪ সেট পয়েন্টে হারিয়ে এবং চাইনিজ তাইপের লি কাই–ইয়েনের বিপক্ষে জমজমাট লড়াই ৭–৩ ব্যবধানে জিতে উঠে আসেন সেমি–ফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে চাইনিজ তাইপের চেন পিন–আনের বিপক্ষে শুরুটা তিনি ভালো করেন, ২৬–২৫ পয়েন্টে জিতে নেন প্রথম সেট। কিন্তু পরের দুই সেটে লড়াই করে আলিফ হেরে যান ২৮–২৭, ২৮–২৭ ব্যবধানে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের সেট ২৯–২৫ ব্যবধানে জিতে সমতা ফেরান আলিফ। লড়াই গড়ায় পঞ্চম সেটে, সেখানে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর ২৮–২৭ পয়েন্টে জেতেন বাংলাদেশের এই আর্চার।

পূর্ববর্তী নিবন্ধস্টেডিয়ামের ৫০ হাজার আসন ফাঁকা দেখে চেলসি কোচ বললেন, ‘অদ্ভুত’
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের অনূর্ধ্ব-১৭ ফুটবলারদের বাছাই কার্যক্রম ২১ ও ২২ জুন